পদ্মা সেতুর দুর্নীতির সাথে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা জড়িত: ফখরুল
|
 |
 |
 |
|
Tue 10 Jul 2012 8:12 PM BdST
|
ঢাকা, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, পদ্মা সেতুর দুর্নীতির সাথে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরাই জড়িত বলে আন্তর্জাতিক গণমাধ্যমে কানাঘুষা চলছে।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এমন দাবি করেন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া আদর্শ সংসদ ‘পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি, বিশ্বব্যাংকের চুক্তি বাতিল, আর্থিক সঙ্কটে বাংলাদেশ এবং সর্বক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
ফখরুল অভিযোগ করে বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে সরকার যে চিঠি দিয়েছে, সেখানে সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির নাম রয়েছে। তারা হলেন- প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সাবেক যোগাযোগমন্ত্রী।
এসময় বিশ্বব্যাংকের পূর্ণাঙ্গ চিঠি প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, নৈতিকতার দায় থেকে সরকারের পদত্যাগ করা উচিত। কারণ, আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার দুর্নীতিবাজ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, মহাজোট সরকার দুর্নীতিতে নিমজ্জিত। এই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, তখন তারা জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে নতুন ইস্যুর সৃষ্টি করে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন দেখানো তারই একটি অংশ।
বর্তমানে বাংলাদেশের অর্থনীতি মহাসঙ্কট অতিক্রম করছে জানিয়ে ফখরুল বলেন, শিশুরা যেভাবে বল নিয়ে খেলাধূলা করে, সরকার অর্থনীতি নিয়ে সেরকম খেলায় মেতেছেন। আর এ খেলার পরিণতি হতে পারে ভয়াবহ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমালোচনা করে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার পরই দুদক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তে নেমেছে। দুদক এটা কেন করছে জনগণ তা জানে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেয়ার পরেও ইলিয়াস আলী উদ্ধার হয়নি। এ সরকারের গত তিন বছরে ইলিয়াস আলী ছাড়াও ১৩০ জন রাজনৈতিক নেতা-কর্মী গুম হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন হাজার নেতা-কর্মী।
কুইক রেন্টালের সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট আর দুর্নীতি নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে, সেজন্য সংসদে দায়মুক্তি দিয়ে আইন পাস করেছে সরকার।
সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, জনগণের পকেটের টাকা লুটের জন্যই নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলছে সরকার। অর্থায়ন বড় বিষয় নয়, বরং এই অর্থ কতটা স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে সেটাই মুখ্য।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা টিএস গিয়াসউদ্দিন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এসআই_ ১৪০২ ঘ.
|
|
|
|