মিশরের প্রেসিডেন্টকে তিরস্কার করলো সর্বোচ্চ আদালত
|
 |
 |
 |
|
Tue 10 Jul 2012 4:38 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মিশরে নির্বাচিত সংসদ ভেঙে দেয়ার ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও সর্বোচ্চ আদালত।
রোববার প্রেসিডেন্ট মুরসি সংসদ পুনর্জীবিত করার নির্দেশ দিয়ে এক ডিক্রি জারি করলে এ অবস্থার সৃষ্টি হয়।
মিশরের সাংবিধানিক আদালত মুরসির ওই ডিক্রি প্রত্যাখান করে বলেছে, জাতীয় সংসদ ভেঙে দেয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেয়া হয়েছে তা-ই চূড়ান্ত এবং বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিল করা যাবে না।
এদিকে, প্রেসিডেন্ট মুরসির ডিক্রি জারির পর ইতিমধ্যেই পার্লামেন্টের স্পিকার সাদ আল কাতানি মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন ডেকেছেন। তিনি এই অধিবেশনে সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
সংসদ সদস্যদের প্রবেশের অনুমতি দিয়ে সংসদের বাইরে মোতায়েন সেনা সদস্যদেরও সরিয়ে নেয়া হয়েছে। রোববার প্রেসিডেন্ট মুরসি ডিক্রিতে বলেন, নতুন নির্বাচন অনুষ্ঠানের আগে পর্যন্ত সংসদ কার্যকর রাখা উচিত।
এতে তিনি আরো বলেন, নতুন সংবিধান গণভোটের মাধ্যমে পাস হওয়ার পর ৬০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আাদালত বলেছে, আগের রায়ই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না।
এর আগে রোববার মুরসির ডিক্রি জারির পর মিশরের সর্বোচ্চ সামরিক পরিষদ জরুরি বৈঠকে বসে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার আগে যখন মিশরের সংসদ বাতিল করা হয় তখনো মূলতঃ সেনা পরিষদের সিদ্ধান্তেই তা করা হয়। ওই সময় আদালত কেবল সেনা পরিষদের সিদ্ধান্তেই সমর্থন দিয়েছিল।
প্রেসিডেন্ট এবং সামরিক পরিষদের মধ্যে এ টানাপড়েনের পরও মুহাম্মদ মুরসি ও সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল হোসেইন তানতাভি আজ সামরিক ক্যাডেট গ্রাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে গণবিক্ষোভের মুখে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম সংসদে মুসলিম ব্রাদারহুড বেশিরভাগ আসন পায়। প্রেসিডেন্ট মুরসিও এই সংগঠনের নেতা।
গত মাসে নির্বাচিত কিছু সংসদ সদস্যকে অবৈধ ঘোষণা করে পুরো সংবিধানই ভেঙে দেয়ার পরামর্শ দিয়ে রায় দেয় সুপ্রিমকোর্ট। পরে ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোর্সেস (এসিএএফ) সংসদ সদস্যদের সংসদ ভবনে প্রবেশ নিষিদ্ধ করে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/এসআই_ ২২৩২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|