‘সারপ্রাইজ’ শব্দটি ব্যবহার ভুল ছিল: ওবায়দুল
|
 |
 |
 |
|
Wed 4 Jul 2012 12:04 AM BdST
|
ঢাকা, ৩ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পদ্মা সেতুর বিকল্প অর্থায়ন নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনার সময় ‘সারপ্রাইজ’ শব্দটি ব্যবহার করা ভুল ছিল বলে স্বীকার করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যোগাযোগমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করার প্রেক্ষাপটে গত রোববার সাংবাদিকগণ আমার প্রতিক্রিয়া জানতে চায়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হলে জনগণের আর্থিক দায় কমও হতে পারে এবং আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকতে পারে।
তিনি বলেন, ওই সময় বিকল্প অর্থায়নে পদ্মা সেতুর খরচ বাড়বে কি না জানতে চাইলে আমি বলেছিলাম, তাদের (জনগণ) জন্য সারপ্রাইজ রয়েছে। এ সময় ভুলবশত সারপ্রাইজ শব্দটি ব্যবহার করেছিলাম, যা না ব্যবহার করলেও পারতাম। তবে শব্দটি ব্যবহারের জন্য আমি অপকটে ভুল স্বীকার করছি।
বিজ্ঞপ্তিতে মন্ত্রী আরো বলেন, আমি প্রথম থেকেই গণমাধ্যমকে বলেছি আগামী ফেব্রুয়ারির মাসের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হবে এবং আমি এখনও তা বিশ্বাস করি।
তিনি বলেন, আমি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রদান ছাড়া কখনও অতিকথন করিনি বরং সব সময়ই শব্দ ও বাক্য প্রয়োগে সচেতন থেকেছি। বিভিন্ন সময়ে আমার বক্তব্যের মাধ্যমে সেতু বিভাগ তথা সরকারের অবস্থান জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নেয়। বিশ্বব্যাংকের পর সোমবার এশিয়া উন্নয়ন ব্যাংকও (এডিবি) বিশ্বব্যাংককে সমর্থন জানিয়ে চুক্তি বাতিলের ঘোষণা দেয়।
শুক্রবার বিশ্বব্যাংক তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। এই প্রকল্পে দুর্নীতির যথাযথ তথ্য-প্রমাণ দেয়া সত্ত্বেও সরকার গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ না নেয়ায় অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নেয়া হলো।
প্রসঙ্গত, ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে চুক্তি অনুয়ায়ী বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাপানি ঋণদানকারী সংস্থা জাইকা ৪০ কোটি ও আইডিবির ১৪ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ১৭৫৬ ঘ.
|
|
|
|