পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের কাছে ঋণ চাইবে বিএনপি
|
 |
 |
 |
|
Sun 1 Jul 2012 12:38 AM BdST
|
ঢাকা, ৩০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ক্ষমতায় গেলে বিশ্ব ব্যাংককের কাছে পদ্মা সেতুর অর্থায়নের জন্য ফের ঋণ চাইবে বিএনপি। বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. ওসমান ফারুক শনিবার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে অত্যন্ত স্বচ্ছতার সাথে পদ্মা সেতুর জন্য ঋণ নেওয়া হবে এবং এর বাস্তবায়ন করা হবে।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসমান ফারুক এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ ঘোষণা আমাদের জন্য লজ্জাজনক। আমি বিশ্বব্যাংকে অনেক দিন কাজ করেছি কিন্তু কোন দিনও শুনিনি দুর্নীতির জন্য কোন প্রকল্প বন্ধ হতে।
তিনি আরো বলেন, সরকার জানা সত্ত্বেও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, বরং তারা দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছে। দুর্নীতির জন্য একটা প্রকল্প বন্ধ হয়ে যাবে তা অনেক কষ্টেরও।
ওসমান ফারুক বলেন, বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা খুব কম সুদে ঋণ পেতাম। তাদের ছাড়া যদি অন্য কোন দেশের কাছ থেকে ঋণ নেওয়া হয়, তা খুবই উচ্চ সুদে নিতে হবে, যা পরোক্ষভাবে জনগণের উপরেই বর্তাবে।
তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন আমলে না নিয়ে সরকার সবচেয়ে বড় ভুল করেছে। বাংলাদেশে ছাড়া অন্য কোন দেশের মন্ত্রীদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ উঠতো, তাহলে সাথে সাথে তারা পদত্যাগ করতো।
তিনি আরো বলেন, এই ঘটনার পরে দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণ দিতে গড়িমসি করবে। এছাড়া নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পে এর প্রভাব পড়বে।
ওসমান ফারুক বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে দুদুকের চেয়ারম্যান যে মন্তব্য করেছেন, এরপর তার উপর আমরা আস্থা রাখতে পারিনা। ওনার উচিত নিরপেক্ষ হয়ে তদন্তের কাজ করা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ১৮৩২ ঘ.
|
|
|
|