উপকূলীয় এলাকায় আজও ভারী বর্ষণের সম্ভাবনা
|
 |
 |
 |
|
Wed 27 Jun 2012 3:03 PM BdST
|
ঢাকা, ২৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আজ বুধবার চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে ঢাকাসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
আবহাওয়া বিভাগ বলছে বিলম্বে মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠার কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। সাধারণত মে মাসের শেষের দিকে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠলে বৃষ্টিপাত শুরু হয়। এবার তা হয়নি।
এবার শুরুতে মৌসুমি বায়ু দুর্বল ছিল। ফলে জুনের মাঝামাঝি পর্যন্ত সারাদেশে সামান্য বৃষ্টিপাত হয়।
গত দুদিনে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাস্প নিয়ে মৌসুমি বায়ু সারা দেশের ওপর সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে উপকূলীয় এলাকায় সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ভারী বর্ষণ হচ্ছে।
এদিকে আবহাওয়া বিভাগ বলছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
দেশের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ৭৩টি স্টেশন থেকে বলা হয়েছে ৪৩টি স্থানে নদ-নদীর পানি বেড়েছে। ২৬টি স্থানে পানি কমেছে।
ফলে আকস্মিক বন্যায় বিশেষ করে হাওড় এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অতি বর্ষণে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে পড়েছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল রয়েছে। ফলে ওই এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে গেছে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধারা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আজ বুধবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় পাহাড়ি এলাকায় ভূমি ধ্বসের আশঙ্কা রয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ০৮৫০ ঘ.
|
|
|
|