কেউ না করলে এরশাদ নির্বাচন করবেন
|
 |
 |
 |
|
Sat 23 Jun 2012 8:49 PM BdST
|
ঢাকা, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম) -- আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ না নিলেও জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পার্টির এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, একটি দল নির্বাচনে না এলে নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন দেবে। সেখানে একটি দল আসুক আর না আসুক তা কোনো বিষয় নয়।
তিনি বলেন, কোন দল নির্বাচনে অংশ নিল আর কোন দল অংশ নিল না, তা দেখার বিষয় নির্বাচন কমিশনের (ইসি) নয়। এটা রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার।
এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। জেলে থেকেও আমরা নির্বাচন করেছি। যে কোনো পরিস্থিতিতে আগামী নির্বাচনে আমরা এককভাবে অংশ নেবো। কোনো জোটে থেকে নির্বাচন করবো না।
তিনি বলেন, দেশের রাজনীতিতে অস্থিরতা চলছে। আগামীতে কী হবে, তা কেউ বলতে পারে না। নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ নির্বাচনে কোনো দল অংশ না নিলেও যে কোনো পরিস্থিতিতে জাতীয় পার্টি অংশ নেবে।
এতে অন্যদের মধ্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, ড. টিআই ফজলে রাব্বি, জিএম কাদের, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, মোস্তফা জামাল হায়দার, এমএ সাত্তার, তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পার্টির তৃণমূল নেতারা বক্তব্য রাখেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ১৪৪৩ ঘ.
|
|
|
|