অনেক মন্ত্রী দেশ থেকে পালাতে চাচ্ছে: হান্নান শাহ
|
 |
 |
 |
|
Sat 23 Jun 2012 6:19 PM BdST
|
ঢাকা, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সরকারের অনেক মন্ত্রী এমপি ইতিমধ্যে দেশ থেকে পালিয়ে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এমন অভিযোগ করেন।
‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে তথ্য দিয়েছে যে, সরকারের অনেক মন্ত্রী এমপি ইতিমধ্যে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আমেরিকা দূতাবাস থেকে মাল্টিপল ভিসার ব্যবস্থা করেছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা দেশ থেকে পালিয়ে যাবে।
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বিএনপি ভোটের মাধ্যমে তৃতীয় শক্তিকে প্রতিহত করবে। কারণ তৃতীয় শক্তির সাথে আঁতাত করার কোনো ইতিহাস বিএনপির নেই। এ ধরনের ইতিহাস আওয়ামী লীগের-ই রয়েছে।
তিনি সরকারের উদ্দেশে বলেন, নিজেরা সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক বিল পুনরায় উত্থাপন করে পুনর্বহাল করুন। অন্যথায় আপনারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।
হান্নান শাহ বলেন, পুলিশের কাজ চোর, ডাকাত ও দুষ্টু দমন করা। কিন্তু সরকার পুলিশ দিয়ে বিরোধীদলীয় নেতাদের দমন করছে। পুলিশ বাহিনীকে বিএনপি নেতাদের ওপর লেলিয়ে দিয়েছে। কেবল স্বৈরাচার সরকারই পারে বিরোধীদলীয় নেতাদের জেলে রাখতে।
মানুষের মনে আওয়ামী লীগের কোনো জায়গা নেই মন্তব্য করে তিনি বলেন, সরকার এখন জনগণকে ভয় পায়। তাই তারা গণভোট ব্যবস্থা বাতিল করেছে।
হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু সৃষ্টি করছে।
সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য মে. (অব.) হানিফ, হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/একেএ/আরআই_ ১২১৩ ঘ.
|
|
|
|