শৈলকুপায় দুই বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা
|
 |
 |
 |
|
Sat 23 Jun 2012 4:31 AM BdST
|
ঝিনাইদহ, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু ও বাদশা মিয়া নামে অপর এক বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা।
এ সময় বাধা দিতে গেলে দিপুর স্ত্রী প্রভাতী বেগম ও বিএনপি নেতা বাদশাকে ব্যাপক মারধর করা হয়। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা রাকিবুল হাসনা খান দিপু জানান, শুক্রবার বিকেলে কবিরপুর এলাকায় সেচ্ছাসেবক দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন শেষে দলীয় নেতাকর্মীরা বাড়ি চলে যায়। এ পরেই সরকার সমর্থিত ক্যাডাররা আমার ও বাদশার বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা টিভি, ফ্রিজ, মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে বলেও জানান তিনি।
শৈলকুপা থানার ওসি সাইদুল ইসলাম শাহিন বলেন, শুনেছি ছাত্রলীগের ছেলেরা ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেনি। আর এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে সাবেক সংসদ সদস্য ও থানা বিএনপির সভাপতি আব্দুল ওহাব বলেন, মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বাড়ি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে সেটিও রক্ষা পাচ্ছে না।
ভাঙচুরের বিষয় নিয়ে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মোশাররফ হোসেন সোনা বলেন, ঘটনার সাথে তার দলের কেউ জড়িত নয়। বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে এই হামলার ঘটনা ঘটেছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এইচএ/এমএম_২২৩০ ঘ.
|
|
|
|