পাকিস্তানের ২৫তম প্রধানমন্ত্রী রাজা পারভেজ
|
 |
 |
 |
|
Sat 23 Jun 2012 4:15 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পাকিস্তান পিপলস পার্টির মনোনীত প্রার্থী রাজা পারভেজ আশরাফকে দেশটির ২৫তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে পাকিস্তান পার্লামেন্ট।
ক্ষমতাসীন পিপিপি এবং এর জোটের সর্বসম্মত প্রার্থী আশরাফ শুক্রবার পাকিস্তান পার্লামেন্টে ২১১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার প্রতিপক্ষ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) প্রার্থী সর্দার মেহতাব আব্বাসি পেয়েছেন ৮৯ ভোট।
তৃতীয় প্রার্থী জামিয়াত-উল-উলেমা ইসলাম (জেইউআই-এফ) এর প্রধান মওলানা ফজলুর রেহমান আগেই প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে এ নির্বাচন প্রক্রিয়াতে কোন ভোট না দিয়ে নিরপেক্ষ থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন।
গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এরপর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়ে পড়ে।
গিলানির পর পিপিপি প্রধানমন্ত্রী পদের জন্য দলটির নেতা মখদুম শাহাবুদ্দিনকে মনোনয়ন দেয়। শাহাবুদ্দিন মন্ত্রিসভায় বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কিন্তু, পাকিস্তানের রাওয়ালপিন্ডির উত্তরাঞ্চলীয় মাদকবিরোধী আদালত গতকাল বৃহস্পতিবার মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রাজা পারভেজের পরিচয়: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী অভিজ্ঞ রাজনীতিবীদ রাজা পরভেজ আশরাফ উঠে এসেছেন পাঞ্জাবের রাওয়ালপিন্ডির রাজপরিবার থেকে। ভুট্টো পরিবারের প্রতি খুবই কর্তব্যনিষ্ঠ ও দায়বদ্ধ তিনি। পিপিপির কো-চেয়্যারম্যান ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় পছন্দ ছিলেন ৬১ বছর বয়সী আশরাফ।
সাহাবুদ্দিনের মতো আশরাফের বিরুদ্ধেও দ্যা ন্যাশনাল একাউন্টিবিলিটি কোর্টের দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি পানি ও বিদ্যুৎমন্ত্রী থাকার সময় রেন্টাল পাওয়ার প্রজেক্টে দুর্নীতি করেছেন।
পিপিপির পার্লামেন্টারিয়ান দলের সেক্রেটারি ছিলেন আশরাফ। ২০০২ সালে পিপিপি পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর পরিচালনা ও নির্বাচনী আইন দেখাশোনা করার জন্য ওই পার্টি গঠন করেছিল। ২০০২ সালে বেনজির ভুট্টোর স্বেচ্ছা নির্বাসনের সময় ওই দলটি পাকিস্তানের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিল।
আশরাফ রাওয়ালপিন্ডি থেকে ২০০২ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুই মেয়াদে অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠার পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে গিলানির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রাজা আশরাফ। এ বছরের এপ্রিলে ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী হিসেবে আবারও মন্ত্রিসভায় ফিরে আসেন তিনি।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম_২২১৪ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|