কাবুলে হোটেলে তালেবান হামলা, নিহত ১৫
|
 |
 |
 |
|
Fri 22 Jun 2012 7:47 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কাবুলের উপকণ্ঠে হামলা চালিয়ে একটি হোটেল দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। হোটেলের নিয়ন্ত্রণ নিয়ে তালেবান যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিনের শেষের দিকে তালেবান যোদ্ধারা কারগা বিনোদন এলাকার সুপরিচিত একটি হোটেলে হামলা চালিয়ে তা দখল করে নেয়।
তালেবান যোদ্ধারা হোটেলে নারী-পুরুষ ও শিশুসহ অজ্ঞাত সংখ্যক বন্দি করে রাখে। বন্দিদের উদ্ধারে শুক্রবার ভোরে অভিযান চালায় আফগান পুলিশ, নিরাপত্তা বাহিনী ও ন্যাটো সদস্যরা।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। আটকে পড়া ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভিতরে ঠিক কতজন আটকা পড়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, সংঘর্ষে দুই তালেবান যোদ্ধা নিহত হয়েছে। হোটেলের দ্বিতীয় তলা নিয়ন্ত্রণে আনা হয়েছে। যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা বাকি কক্ষগুলো নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।
তালেবান যোদ্ধারা জানিয়েছে, নিহতদের মধ্যে কোনো বেসামরিক ব্যক্তি নেই। নিহতরা সবাই সরকারের সাথে জড়িত। হামলা চলাকালে বেসামরিক ব্যক্তিদের আলাদা একটি কক্ষে নিরাপদে রাখা হয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই_ ১৩৪৩ ঘ.
|
|
|
|