তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে আ.লীগ বিরোধী দলও হতে পারবে না
|
 |
 |
 |
|
Fri 22 Jun 2012 5:15 AM BdST
|
ঢাকা, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আগামীতে আওয়ামী লীগের বিরোধী দলে থাকার মতো অবস্থাও থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এমন মন্তব্য করেন।
আগামীর বাংলাদেশ নামে একটি সংগঠন ‘সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি: উত্তরণের পথ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ জানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। এমনকি বিরোধী দলে থাকার মতো অবস্থাও তাদের থাকবে না।‘
তিনি বলেন, ‘শুধু প্রধানমন্ত্রীর একঘেয়েমির কারণে দেশ অস্থিতিশীল ও সংঘাতের দিকে যাচ্ছে। আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে। নিজেদের দুর্নীতি, অত্যাচার ও অন্যায়ের জবাব জনগণের কাছে দিতে হবে। ক্ষমতায় থাকার খায়েশ মেটাতে দিবে না দেশের জনগণ।’
মোশাররফ বলেন, ‘এতসব বুঝেই আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। কারণ তারা তাদের চামড়া বাঁচানোর জন্য ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়।’
তিনি বলেন, ‘শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালা বদল না হলে জণগণ গণবিস্ফোরণের মাধ্যমে ক্ষমতা ছাড়তে সরকারকে বাধ্য করবে। তা না হলে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে পালা বদল হোক এটা কারো কাম্য নয়। আমরাও তা চাই না।’
দেশের প্রতিটি ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে আশঙ্কা করে মোশাররফ বলেন, ‘সকল ক্ষেত্রের বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই।’
সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘরে ঘরে চাকরি, গ্যাস বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারেনি। তার ওপর ভুল নীতি ও কমিশনের লোভে কুইক রেন্টালের বেহাল দশা। এসব সরকারকে জনগণ থেকে দূরে সরে নিয়ে গেছে।’
সংগঠনের চেয়ারম্যান মো. শাহ আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমীন, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এসআই_ ১১১২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|