ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট:
দ্বিতীয় ম্যাচে ৩৯ রানে হার বাংলাদেশের |
 |
 |
 |
|
Wed 20 Jun 2012 3:54 AM BdST
|
ক্রীড়া ডেস্ক, ১৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দক্ষিণ আফ্রিকার কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭০ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।
জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি মুশফিক বাহিনী। প্রথম ৯ ওভারের মধ্যে মাত্র ৪৯ রান করতেই ফিরে যান আনামুল হক, মোহাম্মদ আশরাফুল, জহুরুল ইসলাম ও নাসির হোসেইন। এর মধ্যে আশরাফুলের একার সংগ্রহ ৩৩ রান।
এরপর পঞ্চম উইকেটে ৬১ রানের জুটি গড়ে বেশ ভালোই লড়াই চালিয়েছিলেন মাহমুদুল্লাহ ও অধিনায়ক মুশফিকুর রহিম। ১৬তম ওভারে ৩৪ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মুশফিক।
এরআগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেয় লেভি-আমলা জুটি। ৬ ওভার ২ বলে ৭০ রান করে এই জুটি।
এসময় রিচার্ড লেভিকে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় নিজের বলে নিজের তালুবন্দি করেন জিয়াউর রহমান। তবে প্রোটিয়াসদের দাপট এখানে থামাতে ব্যর্থ হয় টাইগাররা। এরপর ব্যাটিংয়ে আসেন কলিন ইনগ্রাম। তাকে নিয়ে আমলা আবারো ৬৫ রানের জুটি গড়েন। ১৪তম ওভারে এসে রান আউট হওয়ার আগে ইনগ্রাম করেন ২৯ রান।
এরপর ব্যাটিংয়ে আসা মরকেলকে সাথে নিয়ে আবারো ৫০ রানের জুটি গড়েন আমলা। দলীয় ১৮৫ রানের মাথায় মাশরাফির বলে আউট হওয়ার আগে মরকেল করেন ২২ রান।
এরপর জেপি ডুমিনিকে (২৩) নিয়ে অবিচ্ছিন্ন থেকে খেলা শেষ করেন আমলা। ততক্ষণে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২০৯ রান।
বাংলাদেশের পক্ষে মাশরাফি ও জিয়াউর একটি করে উইকেট নেন।
ত্রিদেশী টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১১ রানে হারে বাংলাদেশ। আগামীকাল জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এফএন/এমএম_২১৫২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|