তৃতীয় দিনের মতো আশুলিয়ায় পোশাক কারাখানা বন্ধ
|
 |
 |
 |
|
Tue 19 Jun 2012 5:25 PM BdST
|
ঢাকা, ১৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আশুলিয়া শিল্প এলাকার সকল পোশাক কারখানা মঙ্গলবার তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। আজ সেখানে কোনো বিক্ষোভ বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিটি কারখানার প্রধান ফটক ও সংযোগ সড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে সোমবার বিকেলে বিজিএমইএ’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানিয়েছেন, সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক না হলে যেকোনো সময় দেশের সব কারখানা বন্ধ ঘোষণা করা হতে পারে।
তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বিক্ষোভের সাথে জড়িতদের যতদ্রুত সম্ভব আইনের আওতায় আনার পাশাপাশি কারখানাগুলোতে সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় দেশের সকল পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হবে।’
এদিকে সোমবার বিকেলে রাজধানীর পোশাক শিল্প মালিকরাও বিজিএমইএ নেতাদের সাথে দেখা করে তাদের প্রয়োজনে রাজধানী ঢাকার সকল পোশাক কারখানা বন্ধ করে দেয়ার কথা জানান। এসময় বিজিএমইএ’র ঘোষণার সাথে একাত্মতা জানিয়ে তারা প্রতীকী চাবি হস্তান্তর করেন।
এর আগে শ্রমিক অসন্তোষের জের ধরে গত রোববার থেকে আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। টানা তৃতীয় দিনের মতো ওই এলাকার সব কারখানা বন্ধ থাকার পর সোমবার রাত ৮টার দিকে দেশের সব কারখানা বন্ধ করে দেয়ার হুমকি দেয় বিজিএমইএ।
এদিকে, শিল্পকারখানায় ভাঙচুর, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১৫ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা আশুলিয়া এলাকায় বিভিন্ন কারখানার সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানাগুলোর সামনে রয়েছে কড়া পুলিশি প্রহরা। তাছাড়া প্রতিটি রাস্তার সংযোগস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবি ও শ্রমিক মৃত্যুর গুজবকে কেন্দ্র করে সম্প্রতি অশান্ত হয়ে উঠে আশুলিয়া শিল্প এলাকা। ওই এলাকার পোশাক কারখানাগুলোয় প্রায় এক সপ্তাহ ধরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটছে।
সরকার, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পরেও শনিবার পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকায় রোববার থেকে ওই অঞ্চলের সব কারখানা অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুটি সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এবং বাংলাদেশ নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ।
বিজিএমইএ-র পক্ষ থেকে সোমবার বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন। প্রয়োজনে দেশের সব কারখানা বন্ধ করে দেয়া হবে।
অন্যদিকে, শ্রমিক নেতারা আবার অবিলম্বে কারাখানা খোলার দাবি জানিয়ে বলেছেন, আগামী ২০ জুনের মধ্যে সব কারখানা খুলে না দেয়া হলে ২২ জুন শ্রমিকরা ঢাকায় সমাবেশ করবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এসআই_ ১১২৪ ঘ.
|
|
|
|