মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগ নিয়ে নওগাঁয় উত্তেজনা
|
 |
 |
 |
|
Mon 18 Jun 2012 2:02 AM BdST
|
নওগাঁ, ১৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই সুফিয়া ফাজিল মাদ্রাসায় শূন্য পদে অধ্যক্ষ নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ক্ষমতাসীন দলের দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনার জের ধরে শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার বিকেল ৩টায় মাদ্রাসা ক্যাম্পাসহ স্থানীয় বাজারে ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে।
জানা গেছে, প্রায় ছয় মাস পূর্বে ওই মাদ্রাসায় অধ্যক্ষের পদটি শূন্য হয়। এ সময় ভাইস-প্রিন্সিপালের পদে নিয়োজিত প্রবীণ শিক্ষক মমতাজ উদ্দীনকে বাদ দিয়ে বিধিবহির্ভূতভাবে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আনোয়ার জাহিদ নামে (৫ম কনিষ্ঠ) ইসলামের ইতিহাসের এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া হলে উক্ত পদে একাধিক প্রার্থী আবেদন করেন। আর এ নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে দুজন প্রার্থীর পক্ষ নিয়ে দুটি পক্ষ সৃষ্টি হয়।
গত ৪ জুন নিয়োগ বোর্ডের বিধিমোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু হলে শিক্ষক প্রতিনিধি ও শিরন্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মনোনীত প্রার্থী স্থানীয় চেয়ারম্যান আব্দুল বাকীর জামাতা মাওলানা আলাউদ্দীনকে বাদ দিয়ে ওই প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীর সমর্থিত মাওলানা দুরুল হোদাকে মাদ্রাসার অধ্যক্ষ পদে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।
এদিকে, মাদ্রাসার রেজ্যুলেশন বই খাতা রহস্যজনকভাবে নিরুদ্দেশ হওয়ার ঘটনায় সভাপতি আইয়ুব আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অপরদিকে, আলতাফ গ্রুপের লোকজন খাতাপত্র চুরির আশঙ্কায় সহ-সভাপতির নিকট জমা রেখে থানায় অনুরূপ একটি অভিযোগ করেছেন বলে আলতাফ হোসেন জানান।
এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের সভাপতি আইয়ুব আলী প্রতিপক্ষের অভিযোগকে অযৌক্তিক দাবি করে বলেন, ওই নিয়োগ প্রক্রিয়াটি বিধি অনুযায়ী সম্পূর্ণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ তৌফিকুল আলম জানান, ওই মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। সৃষ্ট সমস্যার কথা তিনি লোকমুখে শুনেছেন। তার নিকট এখন পর্যন্ত কোনো পক্ষই যোগাযোগ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন মিঞা জানান, সমস্যা নিরসনের চেষ্টা চলছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এএম/এমআই_ ১৯৫৯ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|