মানবতাবিরোধী অপরাধ:
মীর কাশেম আলীকে গ্রেপ্তারের নির্দেশ
|
 |
 |
 |
|
Sun 17 Jun 2012 6:34 PM BdST
|
ঢাকা, ১৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেয়।
এর আগে সকালে ট্রাইব্যুনালের রেজিস্টার মো. নাসিরউদ্দিনের কাছে মীর কাশেমকে গ্রেপ্তারের নির্দেশ চেয়ে আবেদন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এরপর দুপুর দুইটায় এ বিষয়ে শুনানি হয়।
ট্রাইব্যুনালের শুনানিতে অংশ নিয়ে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, মীর কাশেম আলী প্রভাবশালী লোক হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। এসময় রাষ্ট্রপক্ষের অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
শুনানি শেষে আদেশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মীর কাশেমকে ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনে বলা হয়, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলী একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারী আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। তার প্রত্যক্ষ নির্দেশনায় একাত্তরে চট্টগ্রামে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়।
মীর কাশেম বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালক, ইবনে সিনা ট্রাস্টের সদস্য এবং বেসরকারি সংস্থা রাবেতা আলম আল ইসলামীর পরিচালকের দায়িত্বে রয়েছেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এইচএ/এমএম/আরআই_ ১৪৩০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|