সিরাজগঞ্জে ১৩ অ্যানথ্রাক্স রোগী সনাক্ত
|
 |
 |
 |
|
Mon 11 Jun 2012 10:37 PM BdST
|
সিরাজগঞ্জ, ১১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পাঁচিল ও জয়পুড়া গ্রামে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৩ অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম সোমবার সকালে ওই গ্রামে গিয়ে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী সনাক্ত করেন। এ নিয়ে চলতি বছরের গত দুই মাসে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪ জন।
এদিকে, গবাদি পশুর রোগ মানুষের মধ্য ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা অভিযোগ, সঠিক সময় ভ্যাকসিন না দেওয়া এবং সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত না রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আক্রান্তরা হচ্ছেন- কৈজুরী ইউনিয়নের পাঁচিল ও জয়পুরা গ্রামের সোমা খাতুন (১০), আল্লাদি খাতুন (১২), মেরাজুল ইসলাম (২১), রুনা খাতুন (৮), শ্যামলী (১০), শান্তা (৭), মায়া (৮), আনজুয়ারা (৫৮), হামিদুল (১২), আমিনা খাতুন (২৮), হানিফ (৩৫), সোনিয়া (৮) ও আরজিন (১০)।
সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গবাদি পশুগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। অ্যানথ্রাক্স বা তড়কা রোগের কারণে আতঙ্কিত হওয়া কিছু নেই। জনগণকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে এবং প্রচারপত্র বিলি করা হচ্ছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নাজিমুদ্দিন খান জানান, আক্রান্ত এলাকায় জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে নানা প্রচারণা ও মেডিকেল টিম কাজ করছে।
উল্লেখ্য, গত ১৭ মে উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে প্রথম ২৭ জন এই রোগে আক্রান্ত হন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এএম/এমআই_ ১৬৩৬ ঘ.
|
|
|
|