বিপিএলের সমস্ত পাওনা পরিশোধ করা হবে: লোটাস কামাল
|
 |
 |
 |
|
Mon 11 Jun 2012 5:06 AM BdST
|
ক্রীড়া ডেস্ক, ১০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাওনা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে ফিকার হুঁশিয়ারিতে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল।
তিনি বলেন, ‘বিপিএলে অংশ নিয়েছিল এমন সব খেলোয়াড়ের সমস্ত বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে। এর মধ্য দিয়ে আশা করি এ বিষয়ে চলে আসা বিতর্কের অবসান হবে।’
ফিকার প্রধান নির্বাহী কর্মকর্তা টিম মে সম্প্রতি পাওনা আদায়ে বিসিবি একং বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ক্রিকেট বোর্ড সভাপতির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিল।
এ বিষয়ে মোস্তফা কামাল বলেন, ‘টিম মের বিবৃতি অনাকাঙ্ক্ষিত। আমি বরাবর বলে এসেছি কারও পাওনা আটকানো হবে না। কোনো ফ্র্যাঞ্চাইজি না দিলে বোর্ড তা দেওয়ার ব্যবস্থা করবে। এরপরও ফিকার আচরণ আমাকে বিব্রত করেছে।’
তিনি বলেন, ‘আমি ছয়টি ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা জানিয়েছে, বেশিরভাগ খেলোয়াড়ের পাওনা পরিশোধ করা হয়েছে। দু-একটি ঘটনা এমন থাকতে পারে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড়ের টাকা না দিলে বোর্ড এই পাওনা পরিশোধ করবে।’
বিসিবির তথ্য অনুসারে চার ফ্র্যাঞ্চইজির কাছে বিদেশি ক্রিকেটারদের সর্বমোট পাওনা ৩ লাখ ৫ হাজার ডলার।
তবে এই পাওনার বিষয়ে কোনো বিদেশি খেলোয়াড় এখন পর্যন্ত লিখিত আবেদন করেনি জানিয়ে মোস্তফা কামাল বলেন, ‘আমরা খেলোয়াড়দের এজেন্টদের সাথে আলোচনা করব। যত দ্রুত সম্ভব তাদের পাওয়া দেওয়ার ব্যবস্থা করা হবে।’
তিনি প্রথমবারের মত এত বড় আয়োজন করাই কিছু ভুলভ্রান্তি থাকতে পারে বলেও স্বীকার করেন। বলেন, ‘প্রথমবার খুব স্বল্প সময়ে বিপিএল আয়োজন করা হয়েছিল। এজন্য অনেক বিষয়ে দুর্বলতা ছিল। তবে পরবর্তী আয়োজনে যাতে এমনটি না হয়, সেজন্য কাজ করে যাওয়া হচ্ছে।’
এদিকে, এ বিষয়টি সুরাহা করতে আগামী মঙ্গলবার দুপুর ৩টায় বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালের উপস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বৈঠক আয়োজন করা হয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এএম/এমআই_ ২৩০২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|