প্রস্তাবিত বাজেট রপ্তানি বান্ধব নয়: বিজিএমইএ
|
 |
 |
 |
|
Fri 8 Jun 2012 10:04 PM BdST
|
ঢাকা, ৮ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট শিল্পয়ান বান্ধব হলেও রপ্তানি বান্ধব নয় বলে মন্তব্য করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
শুক্রবার সকালে বিজিএমইএ সম্মেলন কক্ষে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এ মন্তব্য করেন।
এসময় আগামী অর্থবছরে তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়ানোর প্রস্তাব একটি ‘অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত’ বলে মন্তব্য করে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছে বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি শফিউল বলেন, ‘প্রস্তাবিত ট্যাক্স পূরণ করতে হলে ঘর থেকে টাকা এনে এনবিআরকে দিতে হবে। এ ধরনের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের জন্য আমরা তৈরি ছিলাম না।’
তিনি বলেন, বিশ্বমন্দায় আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পণ্যের মূল্য সঙ্কোচন, গ্যাস-বিদ্যুতের ঘাটতি এবং উৎপাদন খরচ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে কোনোভাবেই করের হার বাড়ানো উচিত হয়নি। বরং উচিত ছিল শূন্য দশমিক ৪০ শতাংশে ফিরে যাওয়া।
শফিউল বলেন, সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করার অর্থ হলো প্রত্যক্ষ কর ১০০ শতাংশ বৃদ্ধি করা। বর্তমান পরিস্থিতিতে এটি, বিশেষ করে পোশাক শিল্পে বহাল রাখা হলে শিল্পের স্বাভাবিক বিকাশ নিশ্চিতভাবেই ব্যহত হবে।
সংসদে বাজেট পাসের আগে কর হার বৃদ্ধির এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অনুরোধ, এটি শূন্য দশমিক ৪০ শতাংশে না নিতে পারলেও চলতি অর্থ বছরের হার যাতে বহাল রাখা হয়।’
প্রসঙ্গত, বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সব ধরনের রপ্তানি পণ্যে ১ দশমিক ২ শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করে বলেন, রপ্তাণি বাণিজ্য থেকে কর আদায় করাও দেশের স্বার্থে দরকার।
আগে তৈরি পোশাক খাত থেকে শূন্য দশমিক ৭০ শতাংশ এবং অন্যান্য পণ্য রপ্তানি থেকে শূন্য দশমিক ৬০ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। নতুন অর্থবছরে সব রপ্তানি পণ্যের ক্ষেত্রেই উৎসে কর কাটার একই হার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এফএন/এসআই_ ১৫৩৪ ঘ.
|
|
|
|