বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া
|
 |
 |
 |
|
Fri 8 Jun 2012 5:49 AM BdST
|
ঢাকা, ৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ২০১২-১৩ অর্থ বছরের বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো।
প্রধান বিরোধীদল প্রস্তাবিত এ বাজেটকে জনবিরোধী, অন্তঃসারশূন্য ও নির্বাচনী বাজেট বললেও মহাজোট সরকারের শরীক দলগুলো এ বাজেটকে স্বাগত জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রস্তাবিত বাজেট পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, এ বাজেট বাস্তবায়নে সরকারের প্রশাসনিক ক্ষমতা নেই। এ বাজেটে জনগণ আশাহত হয়েছে। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না।
ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতা প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক হিসেবে মন্তব্য করে বলেন, এটা নির্বাচনী বাজেট নয়, উন্নয়নের বাজেট। বিশ্ব মন্দা পরিস্থিতিতে মন্দা অর্থনীতিকে পাশ কাটিয়ে একটা উন্নয়নের বাজেট উপস্থাপন করা হয়েছে বলেও তারা অভিমত দেন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংসদের বাজেট অধিবেশন থেকে বের হবার পর তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।
এ সময় বাজেটকে আশা জাগানিয়া বলে মন্তব্য করেন, হুসেইন মুহম্মদ এরশাদ। তবে এরশাদ সাংবাদিকদের বলেন, বাজেট অবশ্যই নির্বাচনী ও কল্পনাবিলাসী এবং এরফলে তা বাস্তবায়নও কঠিন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, প্রত্যেক সরকারের মেয়াদকালের শেষ দিকের বাজেট নির্বাচন-অনুকূল হয়ে থাকে। এবারও তাই হয়েছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বাজেটের দুর্বলতম দিক হচ্ছে বিদ্যুত ও জ্বালানীখাতে যে বরাদ্দ দেয়া হয়েছে তা বাস্তবায়নে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। যা বাজেটের জন্যে বড় চ্যালেঞ্জ।
বাজেটকে ‘ঋণনির্ভর' বলে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কার্যকরী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ এমপি বলেন, যে বাজেট ঘোষণা করা হয়েছে, তা জনগণের স্বার্থের চেয়ে নির্বাচন সামনে রেখে দলীয় বাজেটই বলা যায়। এতে জনদুর্ভোগ বাড়বে, জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না।
এদিকে শুক্রবার প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখী হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/আরআই_ ২৩৪৯ ঘ.
|
|
|
|