মালয়ের প্রেসিডেন্ট হিসেবে বান্দার দায়িত্ব গ্রহণ
|
 |
 |
 |
|
Sun 8 Apr 2012 6:10 PM BdST
|
অঙ্গনা ডেস্ক, ৭ এপ্রিল (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মালয়ের ভাইস-প্রেসিডেন্ট জয়েস বান্দা দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সদ্যপ্রয়াত বিঙ্গু ওয়া মুতহেরিকার স্থলাভিষিক্ত হলেন।
শনিবার জয়েস বান্দা মালয়ের রাজধানী লিলংওয়েতে দেশটির পার্লামেন্ট ভবনে শপথ নেন। তিনি আফ্রিকার দেশগুলোর মধ্যে পথম নারী প্রেসিডেন্ট।
গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন বিদায়ী প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুতহেরিকা। কিন্তু তার মৃত্যুর খবর শনিবার পর্যন্ত চেপে রাখা হয়। এতে দেশটির ক্ষমতার পালাবদল নিয়ে জনগণের মধ্যে ধোয়াশা ও আতঙ্ক দেখা যায়।
অনেকে মনে করেন, জয়েসকে প্রেসিডেন্ট পদে না বসানোর জন্য বিদায়ী প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা কিছু কুট কৌশলের আশ্রয় নিয়েছে। তাদের আগ্রহ ছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রয়াত প্রেসিডেন্টের ভাই পিটার মুতহেরিকাই ক্ষমতায় বসুক।
তবে জয়েসকে সমর্থন দিয়েছে দেশটির সেনা প্রধান, পুলিশ প্রধান, অ্যাটর্নি জেনারেলসহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা।
শনিবার শপথ নিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জয়েস বলেছেন, যেকোন মূল্যে মালয়ের সংবিধানকে অক্ষত রাখা হবে। এজন্য অবশ্যই দেশবাসীকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি বিদায়ী প্রেসিডেন্টের মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। পাশাপাশি তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করার ঘোষণা দেন।
সদ্য দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট জয়েস ২০০৯ সাল থেকে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। তবে গত ২০১০ সাল থেকে মুতহেরিকার সাথে তার দ্বন্দ্ব দেখা দেয়।
বিশেষ করে দেশটির আর্থিক অব্যবস্থাপনার জন্য প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন জয়েস। এতে ক্ষুব্ধ হয়ে মুতহেরিকা তার দল ডেমোক্রেটিক পিপলস পার্টি থেকে জয়েসকে অপসারণ করেন। এরপর জয়েসও নতুন দল গঠন করে নাম দেন পিপলস পার্টি।
উল্লেখ্য, মালয় পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন দেশটির ৭৫ শতাংশ মানুষ জীবন নির্বাহে এক ডলারের নিচে ব্যয় করে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম/এমআই/এসবি
|
|
|
|