ঢাকা, ৭ ফেব্রুয়ারি (আরটিএনএন ডটনেট) - অমর একুশে বইমেলায় সপ্তাহের শেষে বিক্রির শীর্ষে রয়েছে উপন্যাস। গত বছরের তুলনায় বই মেলা শুরু হবার প্রথম সপ্তাহে এবার একই সময়ে ২৪টি বেশি উপন্যাস মেলায় এসেছে।
গত বছর প্রথম সপ্তাহে মেলায় মোট উপন্যাস এসেছিল ১০৬টি । কিন্তু এবছর সপ্তাহ শেষে মেলায় উপন্যাস এসেছে প্রায় ১২৯টি। উপন্যাসের প্রতি পাঠকদের অধিক চাহিদা থাকার কারণেই এটা সম্ভব হয়েছে বললেন অন্যপ্রকাশের বিক্রয় কর্মী মোজ্জামেল শিশির।
অন্যদিকে ,উপন্যাসের প্রতি আকর্ষণ সম্পর্কে শিলা প্রকাশনীর নির্বাহী পরিচালক এনামুল হক বলেন, উপন্যাসগুলো তরুনদের উপযোগী করে লেখা। এছাড়াও এতে একটা মেসেজও থাকে। আমার মনে হয় তার কারণেই এগুলো এত বেশি বিক্রি হয় এবং জনপ্রিয়তার শীর্ষে থাকে।
এ প্রসঙ্গে মেলায় আসা রুমানা ইয়াসমিন নামের এক পাঠক বলেন, উপন্যাসের মধ্যে একটা বিস্মৃত ঘটনার বর্ণনা থাকে । যা পড়ে উপন্যাসের চরিত্রগুলো নিজের মনে হয় । যা অনেক ভালো লাগে।
একই কথা বললেন হুমায়ূন কবির নামের আরেক পাঠক। তিনি বলেন, উপন্যাস এমন একটা বিষয় বস্তু থাকে যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায়।
সাহিত্যের অন্যান্য শাখা থেকে উপন্যাস আলাদা একটা বিষয় বললেন লেখক শাহী সবুর । তিনি আরো বলেন, উপন্যাস একটা বাস্তব ঘটনার মধ্য দিয়ে তৈরি হয় । যা সাহিত্যের অন্যান্য শাখায় খুব কমই দেখা যায়।
সপ্তাহ শেষে উপন্যাস বিক্রির হার সন্তোষজনক বলে জানালেন আগামী প্রকাশনীর নির্বাহী পরিচালক চিম্ময়ী ঘোষ। তিনি বলেন, এই পর্যন্ত আমাদের উপন্যাস বিক্রি গত বছরের চেয়ে অকল্পনীয়।
প্রথম সপ্তাহ শেষে এই পর্যন্ত উপন্যাস বিক্রি হয়েছে ৭৬ হাজার ৭৯৭ টাকা। গত বছর একই সময়ে বিক্রি হয়েছিল ৫৯ হাজার ৮৪০ টাকা। এর আগের বছর তা ছিল ৩৪ হাজার ৮৩২ টাকা।
উপন্যাসের প্রতি পাঠকদের অধিক চাহিদা থাকার কারণে চলতি সপ্তাহ শেষে আরো নতুন উপন্যাস মেলায় আসবে বলে জানিয়েছেন প্রকাশকরা।
এ পর্যন্ত উপন্যাস বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে হুমায়ূন আহমদের ‘হিমু’ এবং ‘হার্ভার্ড পিএইচ ডি.বল্টুভাই’ ,শাহী সবুরের ‘বালিয়া ডাঙ্গার বউ’, ইমদাদুল হক মিলনের ‘নুর জাহান’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রানু ও ভানু’, আনোয়ার সাদীর ‘দুধ বাজারের পাশের গলি’, শামীম আরা চোধুরীর ‘ঝরাপাতার দিনলিপি’, লিলি আরা রহমানের ‘বসন্ত উওর’ , হাসনাত আবদুল হাইএর ‘বৃষ্টিতে কিংবা কুয়াশায়’, ইকবাল খন্দকারের ‘রোল নং এক’ ও মো. শাহদাদ হোসেনের ‘বৃস্টি ভেজা দিন’ প্রভৃতি।
আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/আরআই/এসবি